নরসিংদীর রায়পুরা উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী গীতিকার ও বিনোদন সাংবাদিক ওমর ফারুক বিশাল নিহত হয়েছেন।
সোমবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মরজাল এলাকার ঢাকা-নরসিংদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাংবাদিক ওমর ফারুক বিশালের চাচাতো ভাই মামুন।
তিনি জানান, নরসিংদী থেকে এক বন্ধুর মোটরসাইকেলে করে সকালে ঢাকায় রওনা দেন বিশাল। মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন তিনি। আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মরজাল বাস স্ট্যান্ডের পাশে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি কাভার্ডভ্যান। ঘটনাস্থলেই তিনি মারা যান। তার বন্ধুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
