সাকিবের আউট নিয়ে যা বললেন আকরাম-মিসবাহ

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০১:৫৫ পিএম

বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে সাকিব আল হাসানের আউট মুখ খুলতে শুরু করেছেন সাবেক ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডি ও আকাশ চোপড়ার পর এবার সেই তালিকায় যোগ দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও।

পাকিস্তানের প্রথম এইচডি স্পোর্টস চ্যানেল ‘এ স্পোর্টস’-এর এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন কিংবদন্তি ওয়াসিম আকরাম ও দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ–উল–হক।

অনুষ্ঠানের উপস্থাপক বিষয়টির শুরু করেন এভাবে, ‘আমার মনে হয়, সাকিবের সঙ্গে অন্যায়ই হয়েছে। আপনারা কী মনে করেন?’ এর সূত্র ধরে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ও অধিনায়ক আকরাম বলেছেন, ‘আমি যখন রিপ্লেতে আলট্রা এজ দেখেছি, আমার কাছে মনে হয়েছে বল ব্যাটে লেগে অন্যদিকে ঘুরে গেছে। স্পষ্টই দেখা গেছে ব্যাট মাটিতে লাগেনি। ব্যাট আর পিচের মধ্যে স্পষ্ট ফাঁক ছিল।’

আকরাম এরপর যোগ করেন, ‘ক্রিকেটের সহজ ও সাধারণ নিয়ম এটা যে যখন কোনো সন্দেহ থাকবে, সিদ্ধান্ত ব্যাটসম্যানের পক্ষে যাবে। নিশ্চিত করেই বাংলাদেশিরা হতাশ হয়েছে। তাদের হতাশ হওয়ার যথেষ্ট কারণও আছে। এ ছাড়া এবারের বিশ্বকাপে আম্পায়ারিং খুবই গড়পড়তা হয়েছে।’

আকরামের কথার প্রসঙ্গ টেনে মিসবাহ বলেন, ‘এটা সাধারণ জ্ঞান থেকেই বোঝা যায় যে বল কোথাও লেগে অন্যদিকে ঘুরে গেছে।’

বিতর্কিত আউটের পর সাকিব বিস্ময় প্রকাশ করে মাঠে দাঁড়িয়ে ছিলেন কিছুক্ষণ। আম্পায়ারের সঙ্গে এ নিয়ে তিনি কথাও বলেন। কিন্তু লাভ হয়নি কোনো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত