জামিন হয়নি গুনাথিলাকার, নিষিদ্ধ হলেন ক্রিকেট থেকে

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০২:৪৩ পিএম

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তারের পর জামিন আবেদন করেছিলেন লংকান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা। তবে তাকে জামিন দেননি অস্ট্রেলিয়ার আদালত। একইসঙ্গে সবধরনের ক্রিকেট থেকে এই ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে  শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএলসি জানিয়েছে, অস্ট্রেলিয়ায় যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত গুনাথিলাকাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ডের নির্বাহী কমিটি। অভিযুক্ত ঘটনার বিষয়ে এসএলসি একটি তদন্তও পরিচালনা করবে। এরপর অস্ট্রেলিয়ার আদালতে মামলার রায় সাপেক্ষে গুনাতিলকা বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে অস্ট্রেলিয়ার সিডনিতে ডাউনিং সেন্টারের স্থানীয় আদালতে তোলা হয় গুনাথিলাকাকে। ৩১ বছর বয়সী এই ক্রিকেটারের আইনজীবী আনন্দ অমরনাথ ডেইলি মেইলকে বলেন, আদালতে গুনাথিলাকার জামিন চাওয়া হয়েছিল। তবে বিদেশি হওয়ায় এবং প্রদত্ত ঠিকানায় অবস্থান নিয়ে অনিশ্চয়তা থাকায় তাকে জামিন দেওয়া হয়নি।

গত ২ নভেম্বর সিডনির রোজ বে শহরে এক নারীকে যৌন হয়রানির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার সকালে গুনাথিলাকাকে গ্রেপ্তার করে সিডনি পুলিশ। সেই নারীর অভিযোগের ভিত্তিতে গুনাতিলকাকে আটক করা হয়।

নিউ সাউথ ওয়েলস পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অনলাইন ডেটিং অ্যাপসে কয়েকদিন ধরে এক লোকের (গুনাথিলাকা) সঙ্গে এক নারীর যোগাযোগ হচ্ছিল। পরে সেই পুরুষ ও নারী দেখাও করেছেন। এরপর ২ নভেম্বর বুধবার বিকেলে সেই নারী লোকটির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। তদন্তের ধারাবাহিকতায় পুলিশের বিশেষ সদস্যরা শনিবার রোজ বের সেই ঘটনাস্থলে পরীক্ষা–নিরীক্ষা করে দেখেছে।’

অস্ট্রেলিয়ায় টি–টোয়েন্টি বিশ্বকাপে গুনাথিলাকা শ্রীলংকার হয়ে শুধু প্রথম রাউন্ডের প্রথম ম্যাচটি খেলেছেন। নামিবিয়ার বিপক্ষে সেই ম্যাচে প্রথম বলেই আউট হন তিনি। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে প্রথম রাউন্ডেই ছিটকে গেছেন এই ব্যাটার। তার জায়গায় আশেন বান্দারাকে দলভুক্ত করা হয়।

২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন গুনাথিলাকা। এখন পর্যন্ত শ্রীলংকার হয়ে ৮ টেস্ট, ৪৭ ওয়ানডে এবং ৪৬টি টি–টোয়েন্টি খেলেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত