পাকিস্তানের বিপক্ষে আম্পায়ারের বিতর্কিত আউটের সিদ্ধান্তের শিকার সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে ভেজা আউফিল্ডে খেলতে বাধ্য করা, ভিরাট কোহলির ‘ফেইক ফিল্ডিং’ না দেখা। এসব অভিযোগই আম্পায়ারদের বিপক্ষে। এবারের বিশ্বকাপে আম্পায়ারদের ‘ভুল সিদ্ধান্ত’ দেওয়ার ঘটনাটা বাংলাদেশের সঙ্গে একটু বেশি হয়েছে বলে মনে করেন টাইগারদের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
বিশ্বকাপে টাইগারদের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন অ্যাডিলেড থেকে বাংলাদেশের বিমান ধরার আগে গণমাধ্যমের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন।
খালেদ মাহমুদ শুধু পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত নয়, ভারতের বিপক্ষে ম্যাচেও বাজে আম্পায়ারিংয়ের প্রসঙ্গ তুলে আনেন, ‘ম্যাচে ভুল সিদ্ধান্ত হয়। কিন্তু আমাদের সঙ্গে একটু বেশিই ভুল সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানের ম্যাচে সাকিবের আউটটা আমরা কেউই মেনে নিতে পারিনি। ভারতের সঙ্গে ম্যাচেও এমন দু-একটি ভুল সিদ্ধান্ত হয়েছে।’
ভারতের বিপক্ষে ম্যাচে ভিরাট কোহলির ফেক ফিল্ডিংয়ের অভিযোগ আম্পায়ার আমলে নিয়ে ভারতকে শাস্তি দেওয়া হলে ৫ রান পেত বাংলাদেশ। কিন্তু তা না হওয়াতে বাংলাদেশও ম্যাচটা হেরেছে ৫ রানে।
তবে সেই দুটি ম্যাচের বাজে আম্পায়ারিং নিয়ে এখন আর কিছু করার নেই জানিয়ে মাহমুদ বলেন, ‘এখন আমরা আম্পায়ারের সঙ্গে আলোচনা করতে পারি। কিন্তু একবার সিদ্ধান্ত দিয়ে দিলে আর কিছুই করার থাকে না। পরে অভিযোগ করলেও তো ম্যাচটা আর ফিরে আসবে না।’
