এক ম্যাচে ১০ লাল কার্ড দেখালেন বিশ্বকাপ রেফারি

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১১:০২ এএম

ক’দিন পরই বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে ফাকুন্ডো তেলোকে। তবে আর্জেন্টিনার এই রেফারি আলোচনায় চলে এলেন তার আগেই। নিজ দেশের ঘরোয়া লিগের একটি ম্যাচে দুই দল মিলিয়ে মোট ১০ জনকে লাল কার্ড দেখিয়েছেন তিনি।

ঘটনাটি ঘটে আর্জেন্টিনার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। বোকা জুনিয়র্স এবং রেসিং ক্লাব মুখোমুখি হয়েছিল শিরোপার লড়াইয়ে।

বোকার ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচটির অতিরিক্ত সময়ের শেষ মিনিটে রেসিংয়ের হয়ে গোল করেন কার্লোস আলকারাজ। কর্নার থেকে হেডে গোল করার পরেই দৌড়ে বোকা জুনিয়র্সের ডাগ আউটের সামনে গিয়ে অঙ্গভঙ্গি করে উচ্ছ্বাস করতে থাকেন। এতেই ক্ষুব্ধ হয়ে পড়েন রিজার্ভ বেঞ্চে থাকা বোকার ফুটবলাররা।

আলকারাজকে ঘিরে ধরে ধাক্কা মারতে থাকেন বোকার বাকি ফুটবলাররা। বেশ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। রেফারি এসে সবার আগে আলকারাজকে লাল কার্ড দেখান। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একে একে দুই দলের ফুটবলারকে লাল কার্ড দেখাতে থাকেন তিনি।

পুরো ম্যাচে দুই দলের মোট ১০ ফুটবলারকে লাল কার্ড দেখান আর্জেন্টাইন রেফারি ফাকুন্ডো তেলো। এদের মধ্যে ৭ জন বোকা জুনিয়রসের ও ৩ জন রেসিং ক্লাবের।

এ ঘটনায় ফাকুন্ডো তেলোকে নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। কাতার বিশ্বকাপে তিনি কোন কোন ম্যাচ পরিচালনা করবেন এখনও ঠিক হয়নি।

তেলো এখনও পর্যন্ত রেফারি জীবনে ১১৮ ম্যাচ পরিচালনা করেছেন। মোট ৬১২টি হলুদ কার্ড এবং ৪৫টি লাল কার্ড দেখিয়েছেন। কাতার বিশ্বকাপেও তাকে এমন ‘ছন্দে’ দেখা যাবে কিনা, সেটা ভেবে আতঙ্কিত অনেকেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত