সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জসহ রাজধানী ঢাকার বেশ কিছু এলাকায় গত রবিবার থেকে গ্যাস সরবরাহ বিঘিœত হচ্ছে। সরবরাহ বিঘিœত হওয়ার পাশাপাশি কিছু কিছু এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধও থাকছে। এমন পরিস্থিতিতে অসহনীয় দুর্ভোগে পড়েছে ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দারা। সরবরাহ লাইনে গ্যাস না থাকায় চুলা জ¦লছে না বহু বাসাবাড়িতে। ফলে রান্না না করতে পেরে গত কয়েক দিন ধরে হোটেলগুলোতে ভিড় বাড়ছে ভুক্তভোগীদের।
গ্যাসের স্বল্প চাপজনিত কারণে গত কয়েক মাস ধরে কেরানীগঞ্জের মিল কারখানাগুলো এমনিতেই ধুঁকছে। এখন নতুন করে টানা এক সপ্তাহ গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বাসাবাড়ির পাশাপাশি শিল্পমালিকদেরও দুশ্চিন্তা আরও বেড়েছে।
কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর, কো-া ও কালন্দী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গত রবিবার থেকে এসব এলাকার কোথাও বাসাবাড়িতে গ্যাসের স্বল্প চাপ, আবার কোথাওবা সরবরাহ একেবারেই বন্ধ রয়েছে। ফলে বাধ্য হয়ে বাসাবাড়ির খোলা জায়গায় স্টোভ এবং ইট বা মাটির চুলা দিয়ে রান্না করছে অনেকে। ফ্ল্যাট বাসায় যাদের মাটির চুলা ব্যবহারের সুযোগ নেই তারা বিকল্প হিসেবে ব্যবহার করছে এলপি গ্যাস সিলিন্ডার বা ইলেকট্রিক চুলা।
এসব এলাকার হোটেলগুলোতেও গত কয়েক দিন ধরে দুপুর হলেই খাবার কিনতে উপচেপড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। অনেক ক্রেতাই অভিযোগ করেন, গ্যাস না
থাকার সুযোগ নিয়ে হোটেলগুলো খাবারের দাম বেশি রাখছে। গ্যাসসংকটের বিষয়ে জানতে চাইলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জোন-৫-এর কেরানীগঞ্জের ব্যবস্থাপক বিধান চন্দ্র শাহ বলেন, ‘জিটিসিএল ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাসের এবং ৬০ কিলোমিটার দীর্ঘ উচ্চচাপবিশিষ্ট গ্যাসের সঞ্চালন পাইপলাইনে ইন্টেলিজেন্ট পিগিং (সংস্কার) করবে। এ কাজ শেষ হলে আগামী রবিবার থেকে আবারও কেরানীগঞ্জে গ্যাস আগের মতো পাওয়া যাবে।’
