সাফজয়ী নারী ফুটবল দলের প্রত্যেক সদস্যকে ৫ লাখ টাকা করে অর্থ পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলোয়াড়দের পাশাপাশি দলের কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া হয়েছে ২ লাখ টাকা করে অর্থ পুরস্কার।
সাফজয়ী মেয়েদের বুধবার সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ছেলেরা যা পারেনি, মেয়েরা তা পেরেছে। ছেলেরা শুনলে একটু রাগ করবে। রাগ করার কিছু নেই। ছেলেদের প্রতিযোগিতা একটু বেশি।’
সেপ্টেম্বরে নেপালে অনুষ্ঠিত মেয়েদের সাফে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর হাতে তাদের চ্যাপিম্পয়ন ট্রফি তুলে দেন।
খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘খেলার জগতে আসলেই আমার পরিবারের কথা মনে পড়ে। আমার দাদা ফুটবল খেলতেন, আমার বাবা ফুটবল খেলতেন। আমার দাদা ও আমার বাবা খেলায় প্রতিদ্বন্দ্বী ছিলেন। আমার ভাই শেখ কামাল ফুটবল খেলতেন। জামাল ফুটবল, ক্রিকেট খেলতেন। আমার বাসাটাই ছিল স্পোর্টস জগৎ। আমার পরিবারটা খেলাধুলার সাথে সম্পৃক্ত। আবাহনী ক্রীড়াচক্র যখন তৈরি করা হয় তখন আমরা সাধ্য মতো সহযোগিতা করেছিলাম।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বক্তব্য রাখেন- বাংলাদেশ ফুটবল ক্লাবের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী স্মারক প্রদান করেন বাফুফের সভাপতি।
আরও পড়ুন
