অবশেষে রানে ফিরলেন বাবর আজম

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৬:৫৫ পিএম

বাবর আজমের ব্যাট যেন শরতের মতো। শরতকালে যেমন রোদ-বৃষ্টির ঠিক নেই। এই রোদ তো পরক্ষণেই আবার বৃষ্টি। তেমনি পাকিস্তানের অধিনায়কের ব্যাটেও কখনও রান তো পরক্ষণেই খরা।

এশিয়া কাপের পুরোটা তার কেটেছে রান খরায়। তবে ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে রানে ফিরেছেন অবিশ্বাস্যভাবে। করাচিতে ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি শতক তুলে নিয়ে দলকে এনে দেন বড় জয়। সেই ধারা নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও বজায় ছিল। কিন্তু বিশ্বকাপের শুরু থেকেই ফের খরা নামে বাবরের ব্যাটে।

যে খরায় সমালোচকদের তোপের মুখে পড়তে হয় তাকে। প্রশ্ন ওঠে তার নেতৃত্বগুণ, এমনকি তার ব্যাটিং পজিশন। দুর্যোগের সেই মুহূর্তে অবশ্য পাশে পেয়েছেন কোচ ম্যাথু হেইডেনকে। যিনি সেমিফাইনালের আগের দিনই বাবরের ব্যাটে ঝড় আসার ইঙ্গিত দিয়েছিলেন।

অবশেষে সেমিফাইনালে এসে দীর্ঘ রান খরা কাটিয়ে উঠেছেন বাবর আজম। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ খেলেছেন ৫৩ রানের একটি ইনিংস। যা সাজানো ছিল ৭ টি চারের সাহায্যে। স্ট্রাইক রেট ১২৬.১৯। ৪২ বলের ইনিংসটিতে ছিল না কোনো ছক্কার মার। ক্লাসিক্যাল ব্যাটার বাবরের যেন ট্রেডমার্কই এটি।

এই ইনিংসের আগে বিশ্বকাপের গ্রুপ পর্বের ৫ ম্যাচে তার মোট রান ছিল মাত্র ৩৯। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল পাকিস্তান। সেই ম্যাচে তিনি রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান। পরের দুই ম্যাচেও তিনি দুই অংকের রান স্পর্শ করার আগেই আউট হয়ে যান। বাংলাদেশের বিপক্ষে ২৫ রানের ইনিংস খেললেও বল লেগেছে ৩৩টি। ৭৫ স্ট্রাইক রেট যে টি-টোয়েন্টিতে একদমই বেমানান। তবুও লো স্কোরিংয়ের ম্যাচ থাকায় সে মন্থর ইনিংস খুব একটা ভোগায়নি তাদের।

image

এরপরই ম্যাথু হেইডেন অধিনায়কের ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। সেই ইঙ্গিত সত্যি হলো সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচে। খরা কাটিয়ে খেললেন অর্ধশতরানের একটি ইনিংস। যে ইনিংসে ভর করে জয় পেয়ে ফাইনালে উঠে পাকিস্তান। জয় নিশ্চিতের পরই কোচ হেইডেন আলিঙ্গন করেন অধিনায়ক বাবরের সঙ্গে। 

বিশ্বকাপের চোকার্স হিসেবে খ্যাত কিউইদের আরও একবার কাঁদিয়ে ফাইনালে নাম লিখিয়েছে পাকিস্তান। যে ম্যাচে আবার বাবরের ব্যাটে হয়েছে রানের প্রত্যাবর্তন।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত