দেশের সিনেমায় ফারিণের যাত্রা

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০১:২৬ এএম

এ সময়ের জনপ্রিয় তারকা তাসনিয়া ফারিণ। ছোট পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও  তার অভিনয় প্রশংসিত। এবার তাকে দেখা যাবে দেশের সিনেমায়। সিনেমার নাম দাহকাল। ছবিটি নির্মাণ করছেন মঈন হাসান ধ্রুব। ফারিণের সঙ্গে আরও থাকছেন সংগীতশিল্পী প্রান্থ কানাই। তাদের একসঙ্গে দেখা যাবে দাহকালে। যদিও ফারিণ আগে পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করেছেন। এই প্রথম দেশের সিনেমায় অভিনয় করছেন। অন্যদিকে গায়ক পান্থ কানাইয়ের জন্য এটিই হতে যাচ্ছে প্রথম সিনেমায় অভিনয়। সিনেমায় আরও থাকছেন তরুণ অভিনেতা ইয়াশ রোহান।

সংগীতশিল্পী পান্থ কানাইয়ের সংগীতের তিন দশকের ক্যারিয়ার। সম্প্রতি কোক স্টুডিও বাংলায় তার একটি গান তুমুল জনপ্রিয়তা পায়। গানের ক্যারিয়ারের  সঙ্গে নতুন চমক অভিনয়। পান্থ কানাই অভিনয়ে আসা প্রসঙ্গে বলেন, ‘সিনেমার পরিচালক আমার পূর্বপরিচিত। ও বলল আপনাকে আমার সিনেমায় অভিনয় করতে হবে। এ চরিত্রটি আপনাকে ভেবেই তৈরি করেছি। আমার একটা ইচ্ছেও ছিল অভিনয় করার। কিন্তু গানে ব্যস্ত থাকার কারণে অভিনয়ে সময় সুযোগ হয়ে ওঠেনি। এখন যখন প্রস্তাব পেলাম, ভাবলাম, চেষ্টা করে দেখি। শুরুতে একটু নার্ভাসও ছিলাম। ছবিটির শ্যুটিংয়ের প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি ভয়ে ছিলাম, ডায়ালগ মনে থাকবে কি না। পরে পরিচালক আমাকে সাহস দিল। এরপর দেখলাম, ভালোই পারছি।’ সময় সুযোগ পেলে গানের পাশাপাশি অভিনয় করতে চান। তবে ভালো এবং পছন্দের চরিত্র হতে হবে।

ফারিণ জানালেন, ‘অনেকদিন ধরেই ভাবছিলাম দেশের সিনেমায় অভিনয় করব। পছন্দমতো স্ক্রিপ্টের অপেক্ষায় ছিলাম। সবকিছু মিলে গেল তাই রাজি হয়ে গেলাম। তাছাড়া পান্থ ভাইয়ার সঙ্গে অভিনয় করব এটাও একটা নতুন অভিজ্ঞতা বলতে পারেন।’

সিনেমায় একটি বিজ্ঞাপনী সংস্থার কর্ণধারের চরিত্রে অভিনয় করছেন পান্থ কানাই। অন্যদিকে ফারিণ একজন মডেল। এজেন্সির প্রধান ও মডেলের মধ্যে নানা ঘটনা দিয়ে সাজানো হয়েছে এ সিনেমার গল্প। আগামী বছরের শুরুতে ছবিটিকে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

 তাসনিয়া ফারিণ মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জেন্টেলম্যানের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ২০২১ সালের ৯ জুলাই জি৫ ওয়েব সিরিজটি মুক্তি দিয়েছে। একই বছরের ১৯ আগস্ট মুক্তি পাওয়া মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ও রেদওয়ান রনি প্রযোজিত নেটওয়ার্কের বাইরে ওয়েব চলচ্চিত্রে তিনি কথা চরিত্রে অভিনয় করেছেন। ২০২২ সালে ফারিণ কলকাতার চলচ্চিত্র নির্মাতা অতনু ঘোষ পরিচালিত আরও এক পৃথিবী চলচ্চিত্রে অভিনয়ের কথা জানান। চলচ্চিত্রটি ২০২২ সালের ২ ডিসেম্বর মুক্তি পাবে। ২০২২ সালে তিনি লেডিজ অ্যান্ড জেন্টেলম্যানে অভিনয়ের জন্য ওয়েব সিরিজে শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ উদীয়মান নারী অভিনয়শিল্পী বিভাগে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার লাভ করেন। একই বছর তিথির অসুখ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত