জামায়াত আমিরের ছেলে গ্রেপ্তার, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০১:৪৩ এএম

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বাংলাদেশের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক সন্দেহে রাফাত সাদিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালে সিলেট থেকে তাকে আটক করা হয়। রাফাত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছেলে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিটের কর্মকর্তারা।

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন জানান, তারা প্রত্যেকেই উগ্রবাদী জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বাংলাদেশের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক ডা. রাফাত সাদিকের মাধ্যমে দাওয়াত পান। এই আসামিরা গত ৬ নভেম্বর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ওই জবানবন্দিতে তারা ডা. রাফাতসহ তার অন্য সহযোগীদের নাম প্রকাশ করেন।

জঙ্গি সংগঠনে রাফাতের ভূমিকা : সিটিটিসি কর্মকর্তাদের দাবি, রাফাত দীর্ঘদিন থেকেই ধর্মভীরু তরুণদের জিহাদি চেতনায় উদ্বুদ্ধ করতে দাওয়াতি কার্যক্রম চালিয়ে আসছেন। ২০২১ সালে মিয়ানমারের আরাকানে রোহিঙ্গাদের পক্ষে ‘জিহাদ’ করার জন্য আরসা এবং আরএসও উভয় সংগঠনের সঙ্গে যোগাযোগ করে কথিত হিজরত করেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরএসও নেতাদের সঙ্গে বৈঠক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডা. রাফাত জানান, তার বাবা জামায়াতের আমির ডা. মো. শফিকুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত