পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার ৪৭ দিনের মাথায় শ্রীমতি জয়া রানী নামে সাড়ে চার বছর বয়সী এক শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে বালুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে নৌকাডুবির ঘটনার পরদিন গত ২৬ সেপ্টেম্বর জয়া রানীর ছোট বোন যূঁথি রানীর লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী পাথর শ্রমিকরা জানান, ঘটনাস্থলের পাশেই শ্রমিকরা করতোয়া নদী থেকে পাথর উত্তোলন করার সময় বিকট গন্ধ পান। তখন শ্রমিকরা বালুর নিচ থেকে গলিত লাশটি উদ্ধার করে। জয়া রানীর বাবা পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের ঘাটিয়ারপাড়া গ্রামের বীরেন্দ্রনাথ রায় ও মা আলো রানী ঘটনাস্থলে এসে মেয়ের লাশ শনাক্ত করেন। পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।a
