বাড়ি থেকে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণ

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০১:২৪ এএম

সিরাজগঞ্জে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণ করেছে বখাটেরা। এ ঘটনায় গত বৃহস্পতিবার বিকেলে তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  গতকাল শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। গত বুধবার বিকেলে ওই নারী বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেন।

গ্রেপ্তারকৃতরা হলো, শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি গ্রামের শেরালী (৪৮) ও ইয়াসিন (৩৫)।

গতকাল শুক্রবার সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার আবুল হাসেম সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে শাহজাদপুর থানায় সোপর্দ করা হয়। এরপর থানা পুলিশ আদালতের মাধ্যমে তাদের সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করে। ওই গৃহবধূর স্বামী ট্রাকচালকের সহকারী। গত সোমবার রাতে তিনি কাজে চলে যান। এ সুযোগে গভীর রাতে শেরালী ও ইয়াসিন তার বাড়িতে গিয়ে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে ওই গৃহবধূ ঘর থেকে বাইরে বের হলে তারা তাকে বলে, ‘তোমার স্বামীর কাছে ১৬ বছর আগের পাওনা সুদের টাকা না দেওয়ায় তাকে সুকালি স্কুলমাঠে বেঁধে রাখা হয়েছে। এই বলে গৃহবধূকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। 

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, শুক্রবার দুপুরের পরে তাদের আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত