বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আসছেন আজ

'আমি সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আলোচনা করব'

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০৮:১০ এএম

তিন দিনের সফরে আজ শনিবার ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। বাংলাদেশ ও ভুটানের জন্য নিয়োগ পাওয়া নতুন কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক তার সঙ্গে থাকবেন।

গতকাল শুক্রবার সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট রাইজার বলেছেন, ‘আমি বাংলাদেশ সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আলোচনা করব; যা বালাদেশকে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে রাখতে এবং জনগণের জন্য সুযোগ তৈরি করতে সাহায্য করবে।’

এতে আরও বলা হয়, রাইজার তার তিন দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি আব্দুলায়ে সেকের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন। সেক ২০২৩ সালের ১ জানুয়ারিতে বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের পদে নিযুক্ত হবেন। তারা বিশ্ব্যব্যাংক-সমর্থিত একটি প্রকল্পও পরিদর্শন করবেন।

বিজ্ঞপ্তিতে আব্দুলায়ে সেক বলেন, ‘দারিদ্র্য হ্রাস, জলবায়ু পরিবর্তনের অভিযোজন, দুর্যোগঝুঁকির প্রস্তুতি এবং স্কুলে ভর্তির ক্ষেত্রে লিঙ্গ সমতাসহ উন্নয়নের অনেক ক্ষেত্রেই বাংলাদেশের একটি চিত্তাকর্ষক রেকর্ড রয়েছে। আমি বাংলাদেশের সরকার এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। কারণ দেশটি ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত