দখলে থাকা গুলশানের বাড়ির জমির নথি হাইকোর্টে দাখিল করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
রোববার (১৩ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ নথি দাখিল করা হয়।
সালাম মুর্শেদীর আইনজীবী অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১ নভেম্বর সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ির জমির সব নথি ১০ দিনের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।
এর আগে, গত ৩০ অক্টোবর সালাম মুর্শেদীর বিরুদ্ধে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
তার আগে, গত ১১ আগস্ট দুর্নীতি দমন কমিশনে (দুদক) সালাম মুর্শেদীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ব্যারিস্টার সুমন।
ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেন, সালাম মুর্শেদীর গুলশানের বাড়িটি পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত। ওই বাড়ি সালাম মুর্শেদী দখল করে বসবাস করছেন। বিষয়টি নিয়ে গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানের কাছে ২০১৫ ও ২০১৬ সালে জানতে চাইলেও কোনো জবাব দেয়া হয়নি। এছাড়া ওই জমির নামজারি ও দলিলের বিষয়ে জানতে চেয়ে চলতি বছরের ৪ জুলাই রাজউকে আবারও চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়। এখনও যার জবাব মেলেনি।
তিনি বলেন, এমপি হওয়ার সুযোগে ক্ষমতার অপব্যবহার করে বা রাজউকের সহায়তায় আবদুস সালাম মুর্শেদী ওই বাড়ি দখল করেছেন। বিষয়টি অনুসন্ধান করে আবদুস সালাম মুর্শেদী এবং রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট করেছি।
