২০২৪ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত অনূর্ধ্ব-১৯ পর্যায়ের আইসিসির বৈশিক আসরগুলো আয়োজকদের নাম ঘোষণা হয়েছে। ২০২৭ সালে নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ। আয়োজক হিসেবে বাংলাদেশের সঙ্গী সেখানে নেপাল।
আইসিসি রবিবার এক বিবৃতিতে চার বছরে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের বিশ্বকাপগুলোর আয়োজক দেশের নাম জানিয়েছে। ২০২৪ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজিত হবে শ্রীলঙ্কায়। ২০২৬ সালে যা জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে নমিবিয়া।
২০২৫ সালে নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যৌথ আয়োজক মালয়েশিয়া ও থাইল্যান্ড। এরপরের আসর যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ।
২০২৩ সালে প্রথমবারের মতো বসবে নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যা আয়োজন করবে দক্ষিণ আফ্রিকায়। এটা অবশ্য নিশ্চিত ছিল আগে থেকেই।
আইসিসির বৈশিক আসরে একাধিকবার আয়োজক হয়েছে বাংলাদেশ। ২০১৪ সালে একই সঙ্গে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। ২০১১ ওয়ানডে বিশ্বকাপেরও যৌথ আয়োজক ছিল বাংলাদেশ। এছাড়া ২০২৪ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপও অনুষ্ঠিত হবে বাংলাদেশে।
