২০১৯ সালে বিরক্ত হয়ে প্রতিজ্ঞা করেছিলেন অক্ষয় কুমার- শিগগিরই ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করবেন। ৩ বছর পর খবর এলো। বিদ্রুপবাণে জর্জরিত 'কানাডা কুমার' জানালেন, এবার তিনি ভারতের নাগরিক হতে চলেছেন। আবেদন করেছিলেন ভারতীয় পাসপোর্টের। যা শিগগিরই হাতে পেতে চলেছেন অভিনেতা।
'কানাডা কুমার'! রসিকতা করে এই নামেই অনেকে ডাকেন তাকে। বার বার কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা। কানাডার নাগরিকত্ব থাকা সত্ত্বেও তিনি নাকি ভারতে আয়কর দেন! সেই পরিস্থিতি এবার বদলাতে চলেছে বলেই দাবি অক্ষয়ের। শনিবার এক সংবাদ সম্মেলনে অভিনেতা বলেন, '২০১৯ সালে যেমন বলেছিলাম, ভারতীয় পাসপোর্টের আবেদন করব, করেছি। কিন্তু মহামারি চলে এলো। আড়াই বছর কিছুই এগোল না। তবে খুব শিগগিরই হাতে পাব।'
এ কথা শুনে ফের কটাক্ষের ঝড়। নিন্দুকরা বলছেন, 'তার মানে উনি স্বীকার করে নিলেন, এত দিন বেআইনিভাবে এ দেশে রয়েছেন?' আবার কেউ বললেন, 'বিদেশের নাগরিক হয়ে এ দেশে চুটিয়ে ব্যবসা করলেন, আইন কি এঁদের জন্য অন্ধ?'
যদিও এর আগে এক সাক্ষাৎকারে অক্ষয়কে বলতে শোনা গিয়েছিল, 'আমি মনেপ্রাণে একজন ভারতীয়। আর আজীবন তা-ই থাকব।' তখনও প্রশ্ন উঠেছিল, 'তা হলে কানাডার পাসপোর্ট নিয়ে কী করছেন?' অক্ষয়ের দাবি ছিল, এত বিরূপ প্রতিক্রিয়া, কটাক্ষের প্রয়োজন কী? তিনি একেবারেই অস্বীকার করছেন না বিষয়টি। গত ৭ বছর ধরে কানাডায় যাতায়াত করছেন নিয়মিত। কিন্তু এ-ও সত্যি যে, তিনি ভারতে কাজ করেন। এখানেই কর দেন। আসলে বিষয়টির সূত্রপাত অন্যভাবে। ব্যাখ্যা দিয়েছিলেন 'খিলাড়ি'।
তার কথায়, 'বেশ কয়েক বছর আগেকার কথা। আমার কোনও ছবি চলছিল না। তখন ভেবেছিলাম, কানাডা চলে যাব। ১৪-১৫টা ছবি ব্যর্থ হওয়ার পর কার ভালো লাগে! ভেবেছিলাম, অন্য কোথাও চলে গিয়ে নতুন করে কাজ শুরু করব। বুদ্ধিটা আমার কানাডিয়ান বন্ধুরাই দিয়েছিল। তাই আমিও পাসপোর্ট করিয়ে নিই। ভেবেছিলাম, আবার কাজ ঠিকমতো হলে, ঘুরে দাঁড়াতে পারলে ফিরে আসব।' সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া
