জয়ে শুরু মোহামেডানের ড্র শেখ রাসেলের

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১১:০৪ পিএম

জয় দিয়ে মৌসুম শুরু করেছে মোহামেডান। স্বাধীনতা কাপের মূল পর্বের উদ্বোধনী দিনে নৌবাহিনীকে ২-০ গোলে হারিয়েছে তারা। একই গ্রুপের অন্য ম্যাচে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে প্রিমিয়ার লিগে নবাগত ফর্টিস এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জামাল ভূঁইয়ারা। ম্যাচে দুই দলই সমানতালে লড়েছে। সুযোগ কাজে লাগিয়ে ৩৭ মিনিটে এগিয়ে যায় নবাগত ফর্টিস। কর্নার থেকে আসা বলে লাফিয়ে হেড করে লক্ষ্যভেদ করেন দলটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো অগোস্তো। পিছিয়ে পড়া শেখ রাসেল ম্যাচে ফিরতে আক্রমণে আরও মনোযোগী হয়। যদিও প্রথমার্ধে গোলের দেখা পায়নি জুলফিকার মাহমুদ মিন্টুর দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরার রসদ পায় শেখ রাসেল। ৫২ মিনিটে রাসেলের হয়ে গোল করেন এমফন উদোহ। প্রতিপক্ষের রক্ষণে বল কেড়ে নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ের প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড। বাকি সময়ে কোনো দলই আর লক্ষ্যভেদ করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।

১৭ নভেম্বর পরের ম্যাচে শেখ রাসেল খেলবে নৌবাহিনীর সঙ্গে যাদের মোহামেডান হারায় দিয়াবাতে ও জাফরের দুগোলে। ৮৩ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর গোল দুটি হয় ৩ মিনিটের মধ্যে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত