বন্ধুর জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছিলেন। আনন্দ উৎসবেই কাটছিল সময়। কিন্তু এক পর্যায়ে উৎসব পরিণত হলো বিষাদে। অদ্ভুত ঘটনায় পা ভাঙল গ্লেন ম্যাক্সওয়েলের।
ঘটনা শনিবার সন্ধ্যার। ম্যাক্সওয়েল তার এক বন্ধুর ৫০তম জন্মদিনে যোগ দিয়েছিলেন। সেখানেই এক পর্যায়ে বাড়ির উঠানে দৌড়ানোর সময় পড়ে যান দুজনই। ভেঙে যায় ম্যাক্সওয়েলের পা।
রবিবার ম্যাক্সওয়েলের অস্ত্রোপচার হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলা হবে না তার।
ম্যাক্সওয়েলের বদলি হিসেবে শন অ্যাবটকে দলে ডেকেছে অস্ট্রেলিয়া। প্রধান নির্বাচক জর্জ বেইলি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার হয়ে ২৩২ ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল।
