আম্পায়ারিংয়ে পক্ষপাতের শিকার রূপায়ণ সিটি কুমিল্লা

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১২:৫৯ এএম

ম্যাচ শেষের সাইরেন বেজে উঠতেই রূপায়ণ সিটি কুমিল্লার ম্যানেজার এহসান রানা ছুটে গেলেন দুই আম্পায়ারের কাছে। জানতে চাইলেন কেন এই নগ্ন পক্ষপাতিত্বমূলক আচরণ? রূপায়ণ সিটি কুমিল্লার দেখভালের দায়িত্বে থাকা রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ও সাবেক ফুটবলার আব্দুল গাফফার ছুটে গেলেন বাংলাদেশ হকি ফেডারেশনের শীর্ষ কর্তাদের কাছে। তীব্র প্রতিবাদ জানালেন এরকম বিতর্কিত আম্পায়ারিংয়ের। হ্যাঁ, গতকাল সোমবার হকি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম কোয়ালিফায়ারে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের শিকার হতে হয়েছে রূপায়ণ সিটিকে। একমি চট্টগ্রামের কাছে হারতে হয়েছে ২-১ গোলে। শুরুতে এগিয়ে গিয়েও ম্যাচটা হাতছাড়া হয়েছে আম্পায়ারের নগ্ন পক্ষপাতিত্বে।

ঘটনাটা ৪৯ মিনিটে। রূপায়ণ সিটি অধিনায়ক সোহানুর রহমান সবুজ নিজেদের অর্ধ থেকে বল নিয়ে এগোচ্ছিলেন। তার দুই পায়ের ফাঁক দিয়ে বেআইনিভাবে বলটা কেড়ে নেন একমির ডাচ ফরোয়ার্ড কিলারম্যান। সেই আক্রমণ থেকেই ম্যাচে সমতায় ফেরে একমি। সে সময় ওই অর্ধে আম্পায়ার ছিলেন বাংলাদেশের মোহাম্মদ আলী খান। রূপায়ণ রেফারেলও নিয়েছিল। রিপ্লেতেও পরিষ্কার বোঝা যাচ্ছিল কিলারম্যানের মুভটা বিধিসম্মত ছিল না। তারপরও বাংলাদেশি টিভি আম্পায়ার সেলিম রেজা একমির পক্ষে রায় দেন।

এ সবকিছু নিয়ে রীতিমতো হতাশ ফ্র্যাঞ্চাইজি রূপায়ণ গ্রুপ। আব্দুল গাফফার বলেন, ‘খেলায় হার-জিত থাকবে। সেটা মেনে নিতে দোষ নেই। তবে যখন দেখি আম্পায়ার একটি দলের পক্ষে বাঁশি বাজাচ্ছে, এরকম নগ্ন আম্পায়ারিং মেনে নেওয়া যায় না। এমন গুরুত্বপূর্ণ ম্যাচটা তারা একজন দেশি ও একজন বিদেশি আম্পায়ার দিয়ে পরিচালনা করিয়েই বুঝিয়ে দিচ্ছে নিশ্চয়ই কোনো দুরভিসন্ধি কাজ করেছে। এরকম হলে ভবিষ্যতে রূপায়ণ গ্রুপ আর ফ্র্যাঞ্চাইজি থাকবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত