ঝিনাইদহে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১১:২৭ এএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শীতালি বাজারে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে বগুড়া ইউনিয়নের ওই বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শীতালি গ্রামের রশিদ খা (৬৫), মহিদুল মোল্লা (৫০), মেনেস্টার মোল্লা (৬০), বিস্তার মোল্লা (৬২) ও সেন্টু খা (৫০)সহ ১০ জন। আহত অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রবিবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে ওই ইউনিয়নের দলিলপুর গ্রামের আওয়ামী লীগ নেতা নায়েব আলী ও শীতালি গ্রামে আওয়ামী লীগ নেতা লাল্টু জোয়ার্দ্দারের সমর্থকদের মাঝে কথা-কাটাকাটি হয়।

এরই জের ধরে মঙ্গলবার সকালে শীতালি বাজারে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রশিদ খা জানান, সকালে শীতালি বাজারে কালামের চায়ের দোকানে বসে চা পান করছিলাম। সেসময় আওয়ামী লীগ নেতা নায়েব আলীর সমর্থকরা আমার উপর  হামলা করে। এ ঘটনার পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে লাগে।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, একটি ঘটনা ঘটেছিল। আমরা সেখানে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। পরিস্থিতি এখান স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত