তেলেগু ছবির সুপারস্টার মহেশ বাবু বাবা হারালেন। দক্ষিণী ছবির কিংবদন্তি তারকা গট্টামানেনি শিব রামা কৃষ্ণমূর্তি ছিলেন অভিনেতা মহেশ বাবুর বাবা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০। গতকাল মঙ্গলবার ভোর ৪টায় মারা যান কিংবদন্তি তারকা মহেশ বাবুর বাবা। কয়েক দিন ধরেই শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না তার। সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয় কৃষ্ণমূর্তিকে। পুত্রবধূ নম্রতা শিরোদকরই শ্বশুরকে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখার কথা বললেও এক দিন কাটতে না কাটতেই মঙ্গলবার ভোরে তিনি মারা যান। শিব রামা কৃষ্ণমূর্তি ছিলেন একাধারে প্রযোজক, পরিচালক ও অভিনেতা। ৩৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। একের পর এক হিট ছবি দিয়েছেন তার দর্শকদের। এমন একটা সময় গিয়েছে অভিনেতার বাবা কৃষ্ণ তিনটি শিফটেই কাজ করেছেন। তবে এমনও হয়েছে, বহু ছবিতে বিনা পারিশ্রমিকেও কাজ করেছেন এই কিংবদন্তি তারকা। পদ্মভূষণ সম্মান পান প্রয়াত এই কিংবদন্তি শিল্পী। শুধু অভিনয় নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন মহেশ বাবুর বাবা।
×
