আরও দু'বছর পররাষ্ট্রসচিব থাকছেন মাসুদ বিন মোমেন, পাচ্ছেন জ্যেষ্ঠতা

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৬:২৯ পিএম

চাকরির বয়সসীমা শেষ হওয়ার আগেই পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে চুক্তিতে আরও দুই বছর একই পদে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার তাকে জ্যেষ্ঠতা প্রদান করা হচ্ছে অর্থাৎ যোগদানের দিন থেকে দুই বছরের জন্য জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন তিনি। এ আদেশ দিয়ে আজ বুধবার একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের কর্মকর্তা মাসুদ বিন মোমেনকে তার অবসর-উত্তর ছুটি এবং তদ্সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৬ ডিসেম্বর ২০২২ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে উক্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছিলেন পররাষ্ট্র ক্যাডারের এই চৌকস কর্মকর্তা। এর আগে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) হিসেবে ছিলেন তিনি। এরপর কয়েক ঘণ্টার জন্য ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালনের পর তাকেই ওই পদে রাখে সরকার। বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এ কর্মকর্তা জাপান ও ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত