'ভারত জোড়ো যাত্রা'য় রাহুল গান্ধীর পাশে রিয়া সেন

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৬:০৭ পিএম

রাহুল গান্ধীর পাশে পাশে হাঁটছেন সুচিত্রা সেনের নাতনি, মুনমুন সেনের কন্যা। এমনই দেখল গোটা ভারত। তবে তিনি মুনমুনের বড় মেয়ে রাইমা নন, ছোটজন- রিয়া। সুচিত্রাকে রাজনীতিনির্ভর ছবি 'আঁধি'তে দেখেছিল গোটা দেশ। গুলজারের পরিচালনায় সেই ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রের আদলে অভিনয় করেন সুচিত্রা। কাকতালীয়ভাবে, সেই ইন্দিরার নাতির পাশে দেখা গেল সুচিত্রার নাতনিকে। সেলুলয়েডে নয়। বাস্তবে।

কংগ্রেসের অন্যতম নেতা রাহুল কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত 'ভারত জোড়ো যাত্রা' করছেন। সেই পদযাত্রায় বৃহস্পতিবার হাঁটতে দেখা গেল অভিনেত্রী রিয়াকে। কংগ্রেসের রাজনৈতিক যাত্রায় আচমকা রিয়াকে হাঁটতে দেখে জল্পনা শুরু হয় রাজনীতির কারবারিদের মধ্যে। চোখে সানগ্লাস, পায়ে হাঁটার উপযোগী সাদা স্নিকার্স, খোলা চুলে রিয়া রাহুলের পাশে পাশে হাঁটছিলেন। পরনে হালকা বাদামি আর লাল রঙের টপ এবং জিনসের ট্রাউজার্স। মিছিলে হাঁটতে হাঁটতে রাহুলের সঙ্গে বেশ কয়েক বার কথা বলতেও দেখা গেল তাকে।

রাহুলের যাত্রায় কিছু দিন আগে পা মিলিয়েছিলেন বলিউড অভিনেত্রী পূজা ভাট। এবার শামিল বাঙালি অভিনেত্রী রিয়া। ঘটনাচক্রে, যার মা মুনমুন পাঁচ বছর পশ্চিমবঙ্গের বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের সাংসদ ছিলেন।

রিয়া নিজে কখনও সক্রিয় রাজনীতি করেননি। তবে মায়ের হয়ে প্রচার করেছেন। মুনমুনের দুটি লোকসভা নির্বাচনেই মায়ের প্রচারে সক্রিয় ভাবে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল রিয়াকে।

অনেকের মতে, অভিনেত্রী হিসেবে রিয়ার কেরিয়ার যে রমরমা, তা নয়। অনেক নায়িক-নায়িকাই কেরিয়ারের এমন সময় রাজনীতিতে পা রাখেন। রিয়াও তেমনই কিছু করবেন কি না, তা নিয়েই ভাবছে সবাই। তবে অন্য অনেকের মতে, গান্ধী পরিবারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণেই রাহুলের পাশে হাঁটতে গেছেন রিয়া। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত