ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্ছে অবস্থিত ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মভিটা সংরক্ষণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজনদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক শাহাগীর আলম চট্টগ্রামে অফিশিয়াল কাজে থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুহুল আমিন স্মারকলিপিটি গ্রহণ করেন।
স্মারকলিপি প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমি ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি কবি জয়দুল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট আহ্বায়ক আবদুন নূর, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেন, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার বর্দ্ধন, কবি ও কথাশিল্পী মানিক রতন শর্মা প্রমুখ।
