কৃষক সমাবেশে মির্জা ফখরুল

'সেফ এক্সিট নিন, চলে যান, মানুষকে রেহাই দিন'

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১০:০৭ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী বলেছেন দুর্ভিক্ষ আসছে। তিনি দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পাচ্ছেন। তবে এতদিন ধরে যে বললেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষকদের কোনো সমস্যা নেই। তাহলে দুর্ভিক্ষের কথা বলছেন কেন?

আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত কৃষক সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল।

সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে 'ষড়যন্ত্রমূলক' মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।

সমাবেশে মির্জা ফখরুল অভিযোগ করেন, এ সরকার পরিকল্পিতভাবে কৃষকদের কোমর, মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কৃষকেরা পণ্যের ন্যায্যমূল্য পান না। তিনি বলেন, সেচ দেবে কিভাবে, ডিজেলের দাম তো বেড়ে গেছে তিন থেকে চার গুন। বিদ্যুৎ দিয়ে যে পানি তুলবেন, দাম বেড়েছে ১০ গুণ। কৃষক যাবে কোথায়!

এখন কি ধান বিক্রি করে ধানের দামটা পান? পান না। অনেক কৃষক ধানের চাষ ছেড়ে দিচ্ছেন। অনেক প্রান্তিক কৃষক এখন রিকশা ও ভ্যান চালান। তারা আর কৃষি কাজে থাকতে পারছেন না- কৃষকদের উদ্দেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শেয়ালের কাছে আর মুরগি দেব না। শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা দিতে হবে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, আপনি নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণের পার্লামেন্টের ব্যবস্থা করুন। অন্যথায় আপনাকে বিদায় নিতে হবে। ফখরুল বলেন, আবারও বলছি এখনও সময় আছে সেফ এক্সিট নিন, চলে যান। মানুষকে রেহাই দিন।

বিএনপির বিভাগীয় সমাবেশে বাধা দিতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ করে মির্জা ফখরুল ক্ষমতাসীনদের উদ্দেশে বলেন, আপনারা একটা সমাবেশের জন্য পুলিশকে ব্যবহার করছেন বিভিন্ন জায়গায় মারামারি করতে। সিরাজগঞ্জে গুলি করেছেন। ইকবাল হাসান মাহমুদ সাহেবের স্ত্রীকে পর্যন্ত গুলি করেছেন। সিলেটে গুলি করেছে, গোলমাল করছে। হবিগঞ্জে গুলি করেছে।

সরকারের কাছে প্রশ্ন রাখেন তিনি- সমাবেশের জন্য এত ভয় পান কেন?

জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জারিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, খালেদা জিয়ার উপদেষ্টা আবদুস সালাম, আমানউল্লাহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত