আসাম বিধানসভার স্পিকারের নেতৃত্বে প্রতিনিধি দল বাংলাদেশে

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০২:০৩ পিএম

আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারির নেতৃত্বে ৬১ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন।

শনিবার সকাল নয়টার দিকে আগরতলা চেকপোস্ট হয়ে আখাউড়া দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।

আখাউড়া স্থলবন্দরে আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারি বলেছেন, আসামের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘ সময়ের। এই বন্ধুত্ব অটুট আছে। থাকবেও। বাংলাদেশের সঙ্গে আসামের বাণিজ্য সম্পর্কও রয়েছে। বন্ধুত্ব আর বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে এই যাত্রায় বাংলাদেশে এসেছেন।

স্পিকার বিশ্বজিৎ বলেছেন, এই সফরে প্রতিনিধি দল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা বাংলাদেশের সংসদীয় ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানবেন।

প্রতিনিধি দল বাংলাদেশের কয়েকটি পণ্য উৎপাদকারী প্রতিষ্ঠান ঘুরে দেখবেন বলেও জানিয়েছেন আসাম বিধান সভার স্পিকার বিশ্বজিৎ।

আগামী ২২ নভেম্বর আখাউড়া দিয়ে আগরতলা হয়ে দলটি আসাম ফিরবেন।

এর আগে আখাউড়া স্থলবন্দরের জিরো পয়েন্টে প্রতিনিধি দলকে স্বাগত জানান ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক প্রণয় চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, মোল্লা মোহাম্মদ শাহীন, উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা প্রমুখ।

দেশ রূপান্তরের বিশ্বকাপ চমক: কুইজে অংশ নিয়ে রূপায়নের ফ্ল্যাট জিতুন 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত