আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তাদের গ্রেপ্তারে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (২০ নভেম্বর) ঘটনার পর প্রতিটি থানা ও অন্যান্য ইউনিটকে চেকপোস্ট বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, দুপুরে পুরান ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে ফিল্মি কায়দায় প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেএমবির দুই সদস্যকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।
প্রত্যক্ষদর্শীরা বলছেন- দুটি মোটরসাইকেলে করে চারজন এসে আসামি ছিনিয়ে নেয়।
পালিয়ে যাওয়া আসামিরা হলেন- মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব।
জানা গেছে, রোববার ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে মোহাম্মদপুর থানার একটি মামলায় তাদের হাজিরা ছিল। হাজিরা শেষে তাদের হাজতখানায় নেওয়ার পথে এ ঘটনা ঘটে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, পুলিশকে স্প্রে করে আগে থেকে প্রস্তুত দুটি মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যান দুই জঙ্গি। পালিয়ে যাওয়া দুই জঙ্গি ও মোটরসাইকেল চালকদের ধরতে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া আশপাশের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। ডিএমপির সিসিটিভি মনিটরিংয়ে লাইভ ফুটেজ দেখা হচ্ছে।
