রোনালদোকে গোল্ডেন বুটের লড়াইয়ে রাখছেন ক্যাসিয়াস

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১০:২১ পিএম

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। নিজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে টানাপোড়েন চলছে ৩৭ বছর বয়সী তারকার। এমনকি কাতার বিশ্বকাপের পর আর ইউনাইটেডে তাকে দেখা যাবে কিনা এই প্রশ্নও রয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে কি আর নির্ভার থেকে খেলতে পারবেন রোনালদো? ভক্তদের প্রত্যাশাই বা কতটা মেটাতে পারবেন পর্তুগিজ তারকা? অনেকেরই এনিয়ে সংশয় রয়েছে। তবে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস বিশ্বাস করেন, এখনও সর্বোচ্চ স্তরে সেরাটা মেলে ধরার সামর্থ্য রয়েছে সিআর সেভেনে।

রিয়াল মাদ্রিদে লম্বা একটা সময় কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন রোনালদো ও ক্যাসিয়াস। নিজের সময়ের অন্যতম সেরা গোলরক্ষক ক্যারিয়াস মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন সাবেক সতীর্থকে নিয়ে। এ সময় কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের লড়াইয়েও রোনালদোকে রেখেছেন তিনি। কিংবদন্তি এই গোলরক্ষক বলেন, ‘এটা (কে গোল্ডেন বুট জিতবে) বলা খুব কঠিন। পারফরম্যান্সের ধারাবাহিকতার বিচারে আমি বলতাম করিম বেনজেমার কথা। কিন্তু সে চোট পেয়ে ছিটকে গেছে। দেখা যাক কী হয়। তারপর নেইমার আছে, সেও জিততে পারে অথবা লিওনেল মেসি বা ক্রিস্তিয়ানো রোনালদো।’

বিশ্বকাপ খেলতে কাতারে পাড়ি দেওয়ার আগে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেন রোনালদো। পিয়ার্স মর্গ্যানকে দেওয়া সাক্ষাৎকারে ইউনাইটেডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি ক্লাবের মালিক গ্লেজার পরিবার এবং কোচ এরিক টেন হাগের কড়া সমালোচনা করেন। এর প্রেক্ষিতে রোনালদোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ইংলিশ ক্লাবটি।

ক্যাসিয়াস এ প্রসঙ্গে বলেন, ‘মনে হচ্ছে, ক্রিশ্চিয়ানো (রোনালদো) বিশ্বকাপে এসেছে অতিথি হিসেবে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার দ্বন্দ্বের কারণে লোকজন তাকে গোনায় ধরছে না। লোকজন যখন তার সম্পর্কে কথা বলে, তারা ভুলে যায় যে সে কী করেছে। আমি সবসময় তাকে আমার দলে রাখব। ক্রিশ্চিয়ানোর এখনও আছে এবং সর্বোচ্চ স্তরে খেলতে সক্ষম।’

তবে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে শিরোপার লড়াইয়ে রাখছেন না ক্যাসিয়াস। নিজ দেশ স্পেনের সঙ্গে ফ্রান্সকে ফাইনালে দেখতে চান তিনি, ‘আশা করব ফাইনালটা স্পেন-ফ্রান্স বা স্পেন-ব্রাজিল হোক। স্পেন সেমিফাইনালে পৌঁছালে আমি খুশি হব। যদি ফাইনালে ওঠে তাহলে আরও ভালো। এগিয়ে যাও স্পেন-ফ্রান্স।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত