ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৮ জন দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ আছেন দেড়শতাধিক মানুষ। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রায় ৪০০ জনকে। আরও শত শত মানুষ আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে এবং প্রায় ১৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সোমবার স্থানীয় সময় দুপুর ১ টা ২০ মিনিটের দিকে ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ পশ্চিম জাভায় ব্যাপক প্রাণঘাতী এই ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পে কেঁপে ওঠে ৭৫ কিলোমিটার দূরের রাজধানী জাকার্তাও।
ভূমিকম্পে সিয়ানজুর ও জাকার্তাসহ অন্যান্য শহরে ২ হাজার ২ শ’র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যাবস্থাপনা সংস্থা। বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপে আটকে পড়ে অধিকাংশ প্রাণহানির ঘটনা ঘটেছে। ভূমিকম্পে বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে জোর দিতে উদ্ধারকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।
২৭ কোটি মানুষের দেশ ইন্দোনেশিয়া তথাকথিত প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার (প্যাসিফিক রিং অব ফায়ার) ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক হাজার দ্বীপ নিয়ে গঠিত। এ অঞ্চলটিতে ভূত্বকের কয়েকটি পৃথক টেকটোনিক প্লেট এসে মিলিত হওয়ায় এখানে ঘন ঘন ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের মতো ঘটনা ঘটে।
