পাক সেনাপ্রধানের পরিবার হাজার কোটির মালিক

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০৩:১১ এএম

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ছয় বছর দায়িত্ব পালন শেষে ২৯ নভেম্বর অবসরে যাচ্ছেন। এর ঠিক আগেই প্রকাশ হলো বিস্ফোরক তথ্য। পাকিস্তানভিত্তিক অনুসন্ধানমূলক প্রতিষ্ঠান ফ্যাক্ট ফোকাস জানিয়েছে, গত ছয় বছরে হাজার কোটি রুপির মালিক হয়েছেন পাকিস্তানের সেনাপ্রধানের পরিবারের সদস্যরা। যুক্তরাষ্ট্রে বসবাসরত

পাকিস্তানি সাংবাদিক আহমেদ নুরানির করা ওই প্রতিবেদনে বলা হয়, জেনারেল বাজওয়ার মেয়াদকালে শূন্য থেকে শতকোটির মালিক হয়েছেন তার স্ত্রী আয়শা আমজাদ। স্বামী সেনাপ্রধান

হওয়ার আগে উল্লেখযোগ্য কোনো সম্পদ ছিল না তার। অথচ মাত্র ছয় বছরে তিনি এখন শতকোটি রুপির মালিক। একই অবস্থা পরিবারের অন্য সদস্যদেরও।

ফ্যাক্ট ফোকাসের দাবি, ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত বাজওয়ার পরিবারের সদস্যদের সম্পদের পরিমাণ এবং সেগুলোর ওপর দেওয়া ট্যাক্সের তথ্য প্রকাশ করেছে তারা। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধানমূলক প্রতিষ্ঠানটি জানিয়েছে, জেনারেল বাজওয়ার পরিবারের জ্ঞাত সম্পদের পরিমাণ ১২ দশমিক ৭ বিলিয়ন পাকিস্তানি রুপি। বাজওয়ার স্ত্রী আয়েশার ২০১৬ সালে কোনো সম্পদ না থাকলেও বর্তমানে তার ২ দশমিক ২ বিলিয়ন রুপির সম্পদ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাজওয়ার পুত্রবধূ মানহুর সাবির মাত্র এক মাসের ব্যবধানে বিলিয়নিয়ার বনে যান। ২০১৮ সালের অক্টোবরে তার উল্লেখযোগ্য কোনো সম্পদ না থাকলেও পরের মাসেই দেখা যায়, তিনি শতকোটি রুপি সম্পদের মালিক।

এদিকে জেনারেল বাজওয়ার পরিবারের সদস্যদের এমন আর্থিক বিবরণী সামনে আসার পর বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার। গোপনীয় ট্যাক্স নথি কীভাবে ফাঁস হলো, ২৪ ঘণ্টার মধ্যে সেটিও খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি। গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অর্থমন্ত্রী সেনাপ্রধানের পরিবারের সদস্যদের ট্যাক্সের তথ্য ফাঁসের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। সংবাদমাধ্যম ব্লুমবার্গের তরফে এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখার সঙ্গে যোগাযোগ করা হলে তারা অর্থ মন্ত্রণালয়ের বিবৃতির বিষয়টি উল্লেখ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত