ফেইসবুকে বদির মন্তব্য

ইয়াবা কারবারিদের কিছুই করতে পারবে না সাংবাদিকরা

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০২:৩৪ এএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও টেকনাফ পৌরসভার বিতর্কিত কমিটির সভাপতি আবদুর রহমান বদি সাংবাদিকদের গালিগালাজ করেছেন। এ নিয়ে সর্বত্র নিন্দার ঝড় চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বুধবার সকাল ৯টার দিকে সাংবাদিক মামুন টেকনাফ নামের একটি ফেইসবুক আইডি থেকে লিখেছেন, ‘আজ ১০১ জনের মামলার রায় কী হওয়া উচিত বলে আপনি মনে করেন কমেন্টে জানিয়ে দৃষ্টি আকর্ষণ করুন।’ এই স্ট্যাটাস কমেন্টে তানিয়া সুলতানা নামে একজন ২৩ নভেম্বর দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত ‘সাজা কমাতে ৫ কোটি টাকার মিশন’ শিরোনামের নিউজটি শেয়ার করেন। তার নিচেই সাবেক সাংসদ আবদুর রহমান বদি তার ইংরেজি নামের আইডি থেকে লিখেছেন, ‘সাংবাদিকরা তাদের  বা... ছিঁড়তে পারবে না। টাকার জন্য মিথ্যা নিউজ করে নিরপরাধীদের অপরাধী বানাতে চাচ্ছে।’

এদিকে আবদুর রহমান বদির এমন আচরণের কারণ খুঁজতে গিয়ে জানা যায়, আত্মসমর্পণকারী ১০১ ইয়াবা কারবারির মধ্যে সাবেক সাংসদ বদির চার ভাইসহ ১২ আত্মীয় রয়েছেন।

বদির এমন মন্তব্যের পর একটি পেশাজীবী সংগঠনের দায়িত্বশীল নেতা নামপ্রকাশ না করার শর্তে বলেন, গেল কয়েক দিন ধরেই প্রচার ছিল বদির ভাই সবকিছু ম্যানেজ করতে ফান্ড সংগ্রহ করছে। আর রায়ের কয়েক ঘণ্টা আগে বদি অশালীন মন্তব্য করে বলেছেন, ইয়াবা কারবারিদের কিছুই করতে পারবে না। আদালতের রায়ও বদির ওই মন্তব্যের কারণে বিতর্কে পড়ে গেল।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল বলেন, সাংবাদিকদের নিয়ে একজন সাবেক সংসদ সদস্যের এমন বক্তব্য মানানসই নয়। তার ব্যবহারে দায়িত্বশীলতার ছাপ ছিল না।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর বলেন, সাংবাদিদের মাধ্যমেই আমরা গুরুত্বপূর্ণ খবর পাই। সেই তাদের তুচ্ছ-তাচ্ছিল্য মোটেও উচিত হয়নি। আমি বদির এমন আচরণের নিন্দা জানাই।

এ বিষয়ে বদির বক্তব্য জানতে তার মুঠোফোন নম্বরে কয়েক দফা কল করা হলে তিনি রিসিভ করেননি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত