কারাবন্দী আলেমদের মুক্তি দিন: মুহিব্বুল্লাহ বাবুনগরী

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৮:৫৪ পিএম

বড় বড় আলেমরা আজ জেলে বন্দী। মিথ্যা মামলায় তারা বিভিন্ন জুলুমের শিকার হচ্ছেন। কারাবন্দী এসব আলেমদের মুক্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

তিনি বলেন, মাজলুমদের মুক্তি দিলে দেশে শান্তি ফিরে আসবে। যদি জুলুম থেকে বাঁচা না যায় তাহলে ক্ষমতা উল্টে যাবে। আল্লাহ তায়ালা জালেমকে ছেড়ে দেন না। দুনিয়া-আখিরাতে শাস্তির সম্মুখীন হতে হবে। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ৭টায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন ‘আল আমিন সংস্থা’র ব্যবস্থাপনায় ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের সবাইকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করতে হবে। কারণ রাসূল সা. বলেছেন, আমাদের মধ্যে ৭৩টি দল তৈরি হবে। শুধু একটি দল মুক্তি পাবে, জান্নাতে যাবে। আর সেটা হলো সীরাতে মুস্তাকীম তথা সঠিক পথ। আর সঠিক পথ চিনতে এসব মাহফিল অন্যতম ভূমিকা রাখে। তাই আকাবিরে দেওবন্দ ও আকাবিরে হাটহাজারীর অনুসরণ করতে হবে। আমাদের সবসময় দোয়া করতে হবে, যেন আমরা সীরাতে মুস্তাকীমের ওপর থাকতে পারি।

আল আমিন সংস্থার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা হাফেজ রিজওয়ান আরমানের ধারাবাহিক সঞ্চালনায় হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা শেখ আহমাদ, মুফতী জসীমউদ্দিন, মাওলানা হাবিবুল হক বাবু, মাওলানা ওসমান সাঈদীর ধারাবাহিক সভাপতিত্বে দ্বিতীয় দিনের কার্যক্রম পরিচালিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত