রওশন এরশাদ আজ দেশে ফিরছেন

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১০:২০ এএম

দীর্ঘ ৫ মাস থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতলে চিকিৎসা শেষে রোববার (২৭ নভেম্বর) দেশে ফিরছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। দুপুর সাড়ে ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

রওশনের সঙ্গে তার ছেলে ও সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ ও পূত্রবধু মাহিমা সাদ এবং জাপার বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদ দেশে ফিরবেন।  

জাপার প্রধান পৃষ্ঠপোষকের প্রেস উইং থেকে কাজী লুৎফুল কবীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এতে বলা হয়, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উপস্থিত থেকে জাপার শীর্ষ নেতৃবৃন্দ বিরোধীদলীয় নেতাকে অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দরে নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষে ভিআইপি লাউঞ্জ গেইটে উপস্থিত দলীয় নেতাকর্মী, সমর্থক ও সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন রওশন এরশাদ।

আরও বলা হয়, বিমানবন্দরে রওশন এরশাদ দেশের রাজনীতি, দলে চলমান অস্থিরতা ও তৃণমূল নেতাকর্মীদের কাছে পৌঁছানো বিভ্রান্তিমূলক তথ্যের বিষয় তার বক্তব্যে তুলে ধরবেন। এ সময় আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান ও লাঙ্গলের প্রার্থী ঘোষণা করবেন বলেও জানানো হয়।

রওশনপন্থী নেতারা জানান, বিমানবন্দরে বিরোধীদলীয় নেতাকে সংবর্ধনা জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা মহানগরসহ সারাদেশ থেকে লোক সমাবেশ ঘটানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে গুলশানে হোটেল ওয়েস্টিন পর্যন্ত সড়ক দ্বীপ ও রাস্তার দুপাশে লাগানো হবে রং-বেরঙের ব্যানার-ফেস্টুন। 

এছাড়া নগরজুড়ে লাগানো হয়েছে নানা রঙের ব্যানার-ফেস্টুন। দলীয় নেতাকর্মীদের নামে ছাপানো পোস্টারও লাগানো হয়েছে নগরীর বিভিন্ন স্থানে। এর আগে গত শনিবার রওশন এরশাদের সুস্থতা কামনা করে রাজধানীর গুলশানে প্রধান পৃষ্ঠপোষকের কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত