ব্রুনো ফের্নান্দেসের জোড়া গোলে সোমবার রাতে উরুগুয়েকে হারিয়েছে পর্তুগাল। একই সঙ্গে নিশ্চিত করেছে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট। তবে এ ম্যাচে পর্তুগালের প্রথম গোল নিয়ে চলছে আলোচনা।
পর্তুগাল প্রথম গোলটি পায় ম্যাচের ৫৪তম মিনিটে। গোলটি ব্রুনো ফের্নান্দেসের ক্রসে মাথা ছুঁইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো করেছেন বলে তাৎক্ষণিকভাবে মনে হয়েছিল। রোনালদোর উদ্যাপনেও মনে হচ্ছিল গোলটি তার।
কিন্তু পরে স্টেডিয়ামের লাউড স্পিকারে জানিয়ে দেওয়া হয়, রোনালদো নয়, গোলটা ব্রুনো ফের্নান্দেসের। টিভি পর্দায় পরে রিপ্লেতেও সেটাই দেখা গেছে।
কিন্তু রোনালদো কেন ওভাবে উদযাপন করলেন, এ নিয়ে চলছে আলোচনা। অনেকে নেতিবাচক মন্তব্য করছেন। তবে যার নামে গোল লেখা হয়েছে, সেই ব্রুনো ফের্নান্দেস কিন্তু মনে করেন গোলটি রোনালদোই করেছেন।
ম্যাচের পর ব্রুনো বলেন, ‘আমার মনে হচ্ছে, বলটা ক্রিশ্চিয়ানোর (রোনালদো) মাথা স্পর্শ করেছিল। গোলটা সে-ই করেছে।’
রোনালদোর মাথা ছুঁয়ে না থাকলেও তিনি কৃতিত্ব পেতে পারেন। যেভাবে হেডের জন্য লাফিয়ে উঠেছিলেন, সেটা বোকা বনতে বাধ্য করেছে উরুগুয়ে গোলরক্ষককে।
