বাকপ্রতিবন্ধীকে দল বেঁধে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা!

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০২:২৭ এএম

ঢাকার কেরানীগঞ্জে বাকপ্রতিবন্ধী এক নারীকে দল বেঁধে ধর্ষণের পর গায়ে আগুন দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম লতা সরকার (৩২)। অগ্নিদগ্ধ হয়ে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি। লতা সরকারের শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ছোট বোন পাখি অভিযোগ করে বলেন, লতা সরকার জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী। পরিবারের সঙ্গে থাকতেন কেরানীগঞ্জের কলাতিয়ার আহাদিপুর এলাকায়। গত সোমবার সন্ধ্যার দিকে বাসার সামনে থেকে কয়েকজন তাকে ফুসলিয়ে সিএনজিচালিত অটোরিকশায় তুলে কেরানীগঞ্জের কদমতলী পার্কের পাশে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে দল বেঁধে ধর্ষণের পর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ লতাকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামাল জানান, সোমবার রাতে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দগ্ধ লতা সরকারকে কেরানীগঞ্জের শুভাঢ্যা চিতাখোলা এলাকার সাবান কারখানার পাশ থেকে উদ্ধার করা হয়।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। লতা সরকারের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে। মৃত্যুর আগে লতা ধর্ষণের শিকার হয়েছিল কি না ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা জানা যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত