জয়টা ভীষণ জরুরী ছিল আর্জেন্টিনার। সেটা তারা আদায় করে নিয়েছে। রবার্ট লেভানডোফস্কিদের ২-০ গোলে পরাজিত করেছে তারা। তাতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন লিওনেল মেসিরা। কিন্তু তাদের কাছেও হেরেও গ্রুপ রানার্স-আপ হয়ে রাউন্ড ষোলোয় উঠে গেছে পোল্যান্ড!
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা অঘটনের শিকারে। সৌদি আরবের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছিল তারা। তাতেই বিদায়ের সুর বেজে উঠে। কিন্তু আর্জেন্টাইনরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। মেক্সিকোকে হারানোর পর এবার পোল্যান্ডকেও তারা হারায়। তাতে ৬ পয়েন্ট অর্জন করে হয়ে যায় গ্রুপ চ্যাম্পিয়ন। নিশ্চিত হয় শেষ ষোলো।
অন্যদিকে মাত্র ৪ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় সি গ্রুপের রানার্স-আপ হয়েছে পোল্যান্ড। তার গোল শোধ করেছে দুটি, হজমও করেছে দুইবার। তাতে গোল ব্যবধান হয় শূন্য। লেভানডোফস্কিদের সঙ্গে ড্র করা মেক্সিকো দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে পরাজিত হয় তারা ২-০ গোলে। আজ সৌদি আরবের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত একই ব্যবধানে তারাও এগিয়েছিল।
পরের পর্ব নিশ্চিত করতে প্রয়োজন ছিল আর মাত্র একটি গোল। কিন্তু সেই গোল শোধ করতে গিয়ে উল্টো নিজেরাই হজম করে বসে। শেষ মুহূর্তে সালিম আল দাউসারি গোল করলে বিদায় নিশ্চিত হয় মেক্সিকোর।
ম্যাচে দুই দলের গোল ব্যবধান সমান হলে অন্য সমীকরণ কষতে হতো। আপাতত সৌদি আরবের গোলে এ যাত্রা উদ্ধার হয়েছেন লেভানডোফস্কিরা।
