ভারত সিরিজের আগে বড় ধাক্কা বাংলাদেশ দলে। প্রস্তুতি ম্যাচে কুঁচকিতে পাওয়া চোটে ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেলেন অধিনায়ক তামিম ইকবাল। প্রথম টেস্টেও তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা।
ক্রিকবাজসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম তামিমের ছিটকে যাওয়ার খবর প্রকাশ করেছে। এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দেশ রূপান্তরকে বলেন, ‘আপাতত এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। কিছুক্ষণ পর আমরা অফিসিয়ালি আপনাদের জানাব।’
ক্রিকবাজ তাদের প্রতিবেদনে লিখেছে, দুই সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছে তামিমকে। এদিকে ৪ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ-ভারত সিরিজ। শেষ হবে ১০ ডিসেম্বর। অর্থাৎ তামিমের বিশ্রামে থাকা সময়ে শেষ হয়ে যাবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
দুই দলের প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৪ ডিসেম্বর। তার আগে তামিম সুস্থ হয়ে উঠবেন কিনা প্রশ্ন এখন সেটিই।
বুধবার বিসিবি সবুজ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১০১ রানের ইনিংস খেলেন তামিম। ৯৫ বল খেলে ১১টি চার ও ৩টি ছক্কায় সাজিয়েছিলেন নিজের ইনিংস।
তামিমের সেঞ্চুরিতে ভর করে ৪০ ওভারের ম্যাচে জাতীয় দল ৮ উইকেটে ২৭১ রান করে। জবাবে সবুজ দল ৮ উইকেট হারিয়ে করেছে ২৩১ রান করতে পারে।
এদিকে পিঠের চোটে প্রথম ওয়ানডে খেলা হচ্ছে না তাসকিন আহমেদেরও। শঙ্কা আছে পুরো সিরিজে খেলা নিয়েও।
