পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) হাতছাড়া হয়ে যাওয়ার কারণ সামরিক নয় বরং ‘রাজনৈতিক ব্যর্থতা’ ছিল বলে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মন্তব্যের ঠিক এক সপ্তাহ পর তার সেই দাবি প্রত্যাখ্যান করেছেন দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। উল্টো ১৯৭১ সালে পাকিস্তানের পরাজয়কে ‘সামরিক ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন জোট সরকারের শরিক পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান।
গত বুধবার করাচির নিশতার পার্কে পিপিপির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক সমাবেশে বিলাওয়াল ভুট্টো বলেন, ‘একাত্তরে পাকিস্তানের ‘সামরিক ব্যর্থতা’ তার নানা ও তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলি ভুট্টো নেতৃত্বাধীন পিপিপির জন্য চ্যালেঞ্জ নিয়ে এসেছিল।’
সমাবেশে দেওয়া বক্তৃতায় পিপিপির এই চেয়ারম্যান তার দলের ইতিহাসের স্মৃতিচারণ এবং দলটির প্রতিষ্ঠাতার কৃতিত্বের কথা তুলে ধরেন। ১৯৭১ সালে পাকিস্তানের পরাজয়ের পর তার নানা চ্যালেঞ্জ গ্রহণ করে ‘বিভক্ত হয়ে যাওয়া পাকিস্তান’কে ঐক্যবদ্ধ এবং ‘হারানো গৌরব পুনরুদ্ধার’ করেন বলেও দাবি করেন বিলাওয়াল ভুট্টো। তিনি বলেন, ‘যখন লোকজন ভেঙে পড়েছিল এবং সব আশা হারিয়ে ফেলে ছিল তখন জুলফিকার আলি ভুট্টো সরকারের দায়িত্ব নেন। তিনি জাতিকে পুনর্গঠিত করেন, জনগণের আস্থা ফিরিয়ে আনেন। শেষ পর্যন্ত সামরিক ব্যর্থতার কারণে যারা যুদ্ধবন্দি হয়েছিলেন, সেই ৯০ হাজার সৈন্যকেও ফিরিয়ে আনেন তিনি। আর এসব কিছু সম্ভব হয়েছিল রাজনৈতিক আশা, রাজনৈতিক ঐক্য এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কারণে।’
গত ২৩ নভেম্বর পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ) আলাদা হয়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক ব্যর্থতা দায়ী বলে মন্তব্য করেন। দেশটির পূর্বাঞ্চলীয় শহর রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তরে এক অনুষ্ঠানে বাংলাদেশে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর পদক্ষেপ ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন বাজওয়া। তিনি বলেন, ‘তৎকালীন পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ) আলাদা হয়ে যাওয়া সামরিক নয়, রাজনৈতিক ব্যর্থতা ছিল।’
