রাস্তায় ফ্লাক্স হাতে নিয়ে চা বিক্রি করে সংসারের হাল ধরা ‘এ প্লাস’ জয়ী সৌরভ কুমার শীলের পাশে দাঁড়িয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
গত ১ ডিসেম্বর দৈনিক দেশ রূপান্তরের অনলাইনে ‘চা বিক্রেতা সৌরভ পেলেন জিপিএ-৫’ শিরোনামসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নজরে আসে।
আজ শনিবার সকালে বাসভবনে ডেকে সৌরভের হাতে একটি ল্যাপটপ তুলে দেন প্রতিমন্ত্রী।
এ সময় তিনি সৌরভের লেখাপড়ার দায়িত্ব নেন এবং প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদানের আশ্বাস দেন।
সৌরভ কুমার শীল নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এ প্লাস পেয়েছেন।
সিংড়া পৌর শহরের বাস টার্মিনাল (মাদারীপুর) এলাকার শ্যামল কুমার শীল ও স্বপ্না রানী শীলের ছেলে তিনি।
