ময়মনসিংহ জেলা আ. লীগের সভাপতি আলম, সম্পাদক বাবুল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৩:৫৫ পিএম

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। 

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই নাম ঘোষণা করেন। 

এহতেশামুল আলমকে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে  সাধারণ সম্পাদক এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে মেয়র ইকরামুল হক টিটু ও সাধারণ সম্পাদক হিসেবে মোহিত উর রহমান শান্ত’র নাম ঘোষণা করা হয়। 

এর আগে, বেলা সাড়ে ১১টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম এমপি ও শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত