আর্জেন্টিনাকে হারাতে প্রত্যয়ী অস্ট্রেলিয়া

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৪:১১ পিএম

২০০৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। যেখানে প্রথম ধাপেই ফেভারিট আর্জেন্টিনার বিপক্ষে লড়তে হবে তাদের। অস্ট্রেলিয়া অবশ্য প্রতিপক্ষ নিয়ে ভিত নয় মোটেও। লিওনেল মেসিদের হারাতে প্রত্যয়ী তারা।

আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। আগের দিন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনাকে এক প্রকার হুঁশিয়ারিই দিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ড।

আর্জেন্টিনার বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স আত্মবিশ্বাস জোগাচ্ছে অস্ট্রেলিয়াকে। গত বছর টোকিও অলিম্পিকে লাতিন আমেরিকার দেশটির বিপক্ষে তারা জেতে ২-০ গোলে। আর্নল্ড সেই উদাহরণ টেনে বলেন, ‘আমরা কি জিতব? অবশ্যই! গত বছর টোকিও অলিম্পিকে এই দলকে কোচিং করাই আমি এবং আমরা আর্জেন্টিনাকে ২-০ গোলে হারাই।’

কাতার বিশ্বকাপে শুরুটা ভালো ছিল না অস্ট্রেলিয়ার। গ্রুপ ‘ডি’ তে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাদের গুঁড়িয়ে দেয় বিশ্বসেরা ফ্রান্স। এরপর অবশ্য ঘুরে দাঁড়ায় তারা। তিউনিশিয়াকে হারিয়ে শেষ ষোলোর সম্ভাবনা জাগে অস্ট্রেলিয়ার। এরপর ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে ২০০৬ সালের পর নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা।

নকআউটে শুধু আর্জেন্টিনাকে হারানো নয়, অস্ট্রেলিয়ার চোখ আরও বহু দূর। শেষ ষোলোর ম্যাচ জিতে তারা প্রতিপক্ষ হিসেবে পেতে চায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে।

অস্ট্রেলিয়া কোচ আর্নল্ড তার এই ইচ্ছা প্রকাশ করে বলেন, ‘আমরা সেরাদের বিপক্ষে খেলতে চাই। বিশ্বকাপে ৩২ দল খেলে, এখন আমরা শেষ ষোলোয়। সেরাদের বিপক্ষে খেলে আমরা নিজেদের পরীক্ষা করতে চাই এবং বাকি বিশ্বকে দেখাতে চাই আমাদের ফুটবল সংস্কৃতি কী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত