টাইব্রেকারে গেলে কী হবে এবার ইংল্যান্ডের

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০২:০৫ এএম

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড পেয়েছিল বড় জয়। ২০০৬’র পর প্রথমবার গ্রুপসেরা হয়ে উঠেছে শেষ ষোলোতে। নকআউটে তাদের সামনে বাধা আফ্রিকার দল সেনেগাল। বিশ্বকাপে আফ্রিকার কোনো দলের বিপক্ষে হারেনি ইংল্যান্ড। সেনেগালের বিপক্ষে এই প্রথম মুখোমুখি হচ্ছে তারা।

সেনেগাল নিজেদের বিশ্বকাপ অভিষেকে চমকে দিয়েছিল। ২০০২ সালে তারা খেলেছিল কোয়ার্টার ফাইনালে। ২০২১ আফ্রিকা নেশন্স কাপের জয়ী তারা। বিশ্বকাপে বি গ্রুপে নেদারল্যান্ডসের কাছে হারলেও কাতার ও ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোর টিকিট পায়। দলের বড় তারকা সাদিও মানে নেই। তবু নকআউটে উঠেছে আফ্রিকার দেশটি। তাই ইংলিশ মিডফিল্ডার রাইস হালকাভাবে নিচ্ছেন না সেনেগালকে, ‘আমরা জানি সেনেগাল কঠিন প্রতিপক্ষ। এটি নকআউট পর্ব। আমরা জিততে চাই। এখানে জয় না পেলেই বাড়ি ফিরতে হবে। তবে আমাদের লক্ষ্য বাড়ি ফেরা নয়। আমরা টুর্নামেন্টের শেষ পর্যন্ত যেতে চাই।’

নকআউটে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলার ফল নির্ধারিত না হলে, আসে টাইব্রেকার। ইউরো ২০২০ এ ফাইনালে ইংল্যান্ড টাইব্রেকে হেরেছিল ইতালির কাছে। ১৯৯০ বিশ্বকাপের সেমিফাইনালে পশ্চিম জার্মানির কাছে টাইব্রেকে হেরেছিল ইংল্যান্ড। ১৯৯৮’র বিশ্বকাপে শেষ ষোলোতে আবারও টাইব্রেকে হারে ইংলিশরা। সেবার প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। ২০০৬ বিশ্বকাপে কোয়ার্টারে ইংল্যান্ড পর্তুগালের কাছে হারে টাইব্রেকারে। বিশ্বকাপে তিনবার ইংলিশরা বাদ পড়েছে টাইব্রেকে হেরে। তবে সবশেষ ২০১৮ বিশ্বকাপে শেষ ষোলোতে কলম্বিয়াকে টাইব্রেকে হারিয়েছিল ইংল্যান্ড। রাশিয়াতে গারেথ সাউদগেটের দল হয়েছিল চতুর্থ। ইংল্যান্ড চাইবে না ম্যাচটি টাইব্রেকে যাক।

সেনেগালকে নিয়ে রাইস আরও বলেন, ‘সেনেগাল শক্তিশালী একটি দল। তাদের বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। প্রথমবার খেলছে তাদের বিপক্ষে। জানি ম্যাচটি সহজ হবে না।’

সেনেগালের কোচ আলিও সিসে বলেন, এখন নকআউট ম্যাচ। জিতলে পরবর্তী রাউন্ড। বাড়তি কিছু চিন্তাভাবনা করতে হবে না। সব দলের জন্যই বিষয়টা একই। আমাদের অভিজ্ঞ দল আছে। তারা একসঙ্গে খেলছে দীর্ঘদিন ধরে। জানে বড় ম্যাচের জন্য কী ধরনের প্রস্তুতি নিতে হয়।’

সেনেগালের হয়ে গ্রুপ পর্বে গোল করেছে পাঁচ জন। তবে সারের কথা আলাদাভাবে বলতে হবে। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছে ঠিকই। তবে বক্সে সবচেয়ে বেশি বল টাচ (৫) এবং এবং আক্রমণের শেষভাগে ১৩ পাস দিয়েছেন। যার মধ্যে আটটি পৌঁছেছে সঠিক খেলোয়াড়ের কাছে। তাই ফরোয়ার্ড সারের দিকে বাড়তি নজর রাখতে হবে ইংলিশ ডিফেন্ডারদের। সেনেগালের হয়ে এই ম্যাচে খেলতে পারবেন না মিডফিল্ডার ইদ্রিসা গেয়ে। দুই হলুদ কার্ডের কারণে ম্যাচটি মিস করবেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত