রাশিয়া বিশ্বকাপ প্রতিপক্ষে জাল কাঁপিয়ে হ্যারি কেইন বনে গিয়েছিলেন গোল মেশিন। সেই তিনি পায়ের জাদু জারি রাখলেও পাচ্ছিলেন না গোলের দেখা। গ্রুপ পর্বে তিন গোল করালেও নিজের ঝুলি তখনও শূন্যই ছিল। অবশেষে শেষ ষোলোতে গিয়ে সেই খরা ঘুচালেন ইংলিশ অধিনায়ক। তার সেই গোলে ভর করে সেনেগালকে ৩-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড।
আগামী শনিবার থ্রি লায়ন্সরা শেষ আটে লড়াই করবে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে। সেখানে জিতলেই নিশ্চিত হবে শেষ চার। নয়তো শিরোপা জয়ের অপেক্ষার পাল্লটা ৫৬ থেকে বেড়ে হয়ে যাবে ছয় দশকের। দীর্ঘ প্রতীক্ষাটা যেন কাতারেই ফুরোয় সেজন্য মানসিকভাবে তারা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন কেন।
ম্যাচ শেষে আইটিভিকে তিনি বলেন, ‘নক-আউট পর্বের ম্যাচগুলোর কখনোই সহজ নয়। তবে আমরা দল হিসেবে টুর্নামেন্টে ফুটবলের পরিপক্কতা দেখিয়েছি। শুরু থেকেই আমরা মানসিকভাবে এগিয়ে ছিলাম। যখনই সুযোগ এসেছে, সেগুলো কাজে লাগিয়েছি।’
২৯ বছর বয়সী হ্যারি কেইন সাউথগেটের স্কোয়াডের অন্যতম ভরসার নাম। দলটির এই জ্যেষ্ঠ খেলোয়াড়ের পাশাপাশি রয়েছেন প্রতিশ্রুতিশীল অনেক ফুটবলার। ফিল ফোডেন কাল দুটি গোল করিয়েছেন। দারুণ সুযোগ পেয়ে শুরুতেই কাজে লাগিয়েছেন জর্ডান বেলিংহাম ও বুকায়ো সাকা। দলের তৃতীয় গোল করার মাধ্যমে টুর্নামেন্টেও নিজের তৃতীয় গোলটি করেন তিনি।
তাদের নিয়ে উচ্ছাস প্রকাশ করে কেইন বলেন, ‘এই তিন গোলের মধ্যে আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার দারুণ একটা মিশ্রণ পেয়েছি। ফলে নকআউট পর্বের প্রথম ধাপ জয় করেছি। বছরের পর বছর ধরে শিরোপা খরায় ভুগতে থাকা ইংল্যান্ডের জন্য নকআউটের চাপ সামলানো সহজ ছিল না। এই জয়ে সত্যিই একটা দুর্দান্ত রাত কাটিয়েছি আমরা।’
ফ্রান্সে অনুষ্ঠিত ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর প্রথম বড় টুর্নামেন্ট জয়ের ইংল্যান্ডের আশায় থাকা ইংল্যান্ডকে সামনে আরও অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে হবে। ফরাসি গতিবারুদ কিলিয়ান এমবাপ্পের লাগাম যেন টানাই যাচ্ছে না। রবিবার রাতে পোল্যান্ডকে হারানোর রাতে করেছেন জোড়া গোল। পাঁচ গোল করে ইতোমধ্যে হয়ে গেছেন টুর্নামেন্টের এই আসরের সর্বোচ্চ গোল সংগ্রাহক। তাই ফ্রান্সের সঙ্গে লড়াই জারি রেখে জয়ী হওয়াটা সহজ হবে না ইংলিশদের জন্য।
তবে থ্রি লায়ন্স দলনেতা হ্যারি কেইন আপাতত সেনেগালকে হারানোর সুখস্মৃতিটা উপভোগ করতে চান। উপভোগের পাশাপাশি খেলা নিয়েও ভাবতে চান, ‘আমরা আপাতত জয়টাকে উপভোগ করতে চাই। চাপহীন থেকে পরবর্তী খেলা নিয়ে ভাবতে চাই। হ্যা এটা সত্যি সামনে আমাদের জন্য কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে। তবে আমরা চ্যাম্পিয়নদের সঙ্গে রাজকীয় লড়াই করে জয় ছিনিয়ে আনতে চাই।’
