নরসিংদীর রায়পুরায় অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের বেড়িবাড়ি এলাকার রফিকুল ইসলামের কলাবাগান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানায়, শেরপুর গ্রামের বেড়িবাড়ি এলাকার কলাবাগানগুলো খুবই নির্জন। এখানে মানুষের চলাচল কম। সোমবার দুপুরে কলাবাগানে কাজ করতে এসে স্থানীয়রা বাগানে ১০ থেকে ১৫ হাত দূরত্বে দুইটি মরদেহ পড়ে থাকতে দেখে।
এ সময় তারা মরদেহের পাশে কিছু টাকা ও পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে দুজনের মরদেহ উদ্ধার করে। মরদেহগুলোর মুখ থেঁতলে দেওয়া হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে একটি মরদেহের গলাকাটাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। এলাকার কেউ মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি। রাতের কোনো এক সময় তাদের হত্যা করে এখানে ফেলে গেছে। মরদেহ সুরতাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
