সংবাদ সম্মেলনে আসেননি এমবাপ্পে, গুনতে হলো জরিমানা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৭:২০ পিএম

শিরোপা ধরে রাখার মিশনে কাতারে আসা ফ্রান্স শুরু করেছিল দাপুটে এক জয় দিয়ে। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ডেনমার্ককে ২-১ গোলে হারানোর দিনে পিএসজি এই তারকা জোড়া গোল করেন। হয়েছিলেন ম্যাচ সেরা খেলোয়াড়। সেরা তবে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েও সংবাদমাধ্যমের সামনে আসেননি এমবাপ্পে।

ম্যাচের সেরা খেলোয়াড়কে সংবাদ সম্মেলনে না পাঠিয়ে নিয়ম ভাঙায় ফ্রান্সের ফুটবল ফেডারেশনকে অর্থ জরিমানা করে ফিফা। এমবাপ্পে এর দায়টা নিজের কাঁধে নিয়েছেন। ফ্রান্স ফুটবল ফেডারেশনের জরিমানা তিনি নিজে থেকেই শোধ করেছেন!

শেষ ষোলোতে পোল্যান্ডের বিপক্ষেও দলের জয়ে জোড়া গোল করেছেন ফ্রান্সের স্ট্রাইকার। অলিভিয়ের জিরুডের গোলটিও হয়েছে তারই দুর্দান্ত এক পাস থেকে। ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন এমবাপ্পে। এবার অবশ্য সংবাদমাধ্যমকে এড়িয়ে যাননি তিনি।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসে তিনি খোলামেলাভাবেই কথা বলেছেন। কেন প্রথম রাউন্ডের সময় সংবাদমাধ্যমের সামনে আসেননি, সেই ব্যাখ্যাও দিয়েছেন। সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেছেন, ‘প্রথম রাউন্ডে আমি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলিনি। এর কারণ একটাই—আমার টুর্নামেন্ট আর নিজের খেলায় মনোযোগ দেওয়ার প্রয়োজন ছিল। নিজের খেলায় বা কোনো কিছুতে মনোযোগ দিতে হলে আমি এটাই করি।’

এমবাপ্পে সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলার খেসারত দিতে হয়েছে ফ্রান্সের ফুটবল ফেডারেশনকে। এটা শোনার পর এমবাপ্পে অন্য রকম একটা কাজই করেছেন। গতকাল সেটাও সংবাদমাধ্যমকে বলেছেন এমবাপ্পে, ‘আমাকে যখন বলা হলো যে আমি কথা না বলার কারণে ফ্রান্সের ফুটবল ফেডারেশনকে জরিমানা করা হবে, আমি নিজেই সেটা দিয়ে দিলাম। কারণ, দায়টা তো আমার ছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত