নয়াপল্টনেই গণসমাবেশ: বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১২:৩০ এএম

রাজধানীর নয়াপল্টনেই ঢাকা বিভাগীয় গণসমাবেশ হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। সোমবার রাতে দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির এক সদস্য। 

বৈঠকে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যান ও টঙ্গী বিশ্ব ইজতেমাস্থল বাদে গণসমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকল্প স্থান নির্ধারণের প্রস্তাব দিতে অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু ডিএমপি বিকল্প স্থানের প্রস্তাব না দেওয়ায় স্থায়ী কমিটি নয়াপল্টনেই গণসমাবেশের সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত  হয়।  

বিএনপির স্থায়ী কমিটির ওই সদস্য দেশ রূপান্তরকে বলেন, আমরা ইতিমধ্যে নয়টি বিভাগীয় সমাবেশ করেছি, কোথাও সমস্যা হয়নি। ঢাকায়ও হবে না। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব বলে ঘোষণা দিয়েছি। এটা আমাদের দ্বিতীয় ধাপের শেষ কর্মসূচি। ওই দিন সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে। সরকার পতনের এক দফার কর্মসূচি ঘোষণা করব। এরপর সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে দাবি আদায়ে যুগপৎ আন্দোলন শুরু করব। তাই এখনই সরকারের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। 

তিনি বলেন, আমরা ১০ ডিসেম্বরের কর্মসূচির বিষয় বিস্তারিত বললেও সরকারের আতঙ্ক কাটছে না। তারা ভয়েই অস্থির। আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে মিছিল করিয়ে ককটেল ফাটিয়ে বিএনপির নেতাকর্মীদের নামে নিজেরাই মামলা করে গ্রেপ্তার করছে। তাতেও কাজ না হওয়ায় নেতাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করাচ্ছে। এসব করে সরকারের লাভ হবে না। কারণ নেতাকর্মীদের ভয়-ডর চলে গেছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত