রোনালদোকে প্রথম একাদশে না রাখা নিয়ে যা বললেন কোচ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১২:৩৯ পিএম

ম্যাচের আগে থেকেই গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়। সুইজারল্যান্ডের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেঞ্চে বসিয়ে প্রথম একাদশ সাজান পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। ম্যাচ শেষে যা নিয়ে প্রশ্ন শুনতে হয়েছেন সান্তোসকে। সংবাদ মাধ্যমে অবশ্য নিজের সিদ্ধান্তের পক্ষেই কথা বলেছেন তিনি।

রোনালদোকে প্রথম একাদশে না খেলানোর বিষয়টি ‘ব্যক্তিগত’ ছিল না বলে দাবি পর্তুগাল কোচ। বরং পরিকল্পনা করেই তাকে বসিয়ে গনসালো রামোসকে নামিয়েছিলেন তিনি।

সান্তোস বলেন, ‘এই (রোনালদোকে প্রথম একাদশে না রাখার) সিদ্ধান্ত কৌশলগত ছিল। আমি ডিওগো ডালট, রাফায়েল গুয়েরেইরোকে প্রথম একাদশে নামিয়েছিলাম। সুইজারল্যান্ডের বিপক্ষে খেলার জন্য আমি এটাই ভেবেছিলাম, অন্য খেলায় এটা আলাদাও হতে পারে।’

রোনালদোর সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যা নেই দাবি করে সান্তোস বলেন, ‘রোনালদোর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো, সব সময়ই ছিল। ১৯ বছর বয়স থেকে ওকে চিনি। ২০১৪ সালে আমি যখন পর্তুগালে আসি তখন জাতীয় দলে সে তারকা হয়ে উঠছে। রোনালদো ও আমার মধ্যে কোনো ভুল–বোঝাবুঝি নেই। আমি তাকে এখনো দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে বিবেচনা করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত