কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত সমর্থকদের প্রত্যাশা মতোই এগোচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দুই দেশই পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনাল। আরেক ধাপ পেরোতে পারলেই এই দুই দলের মুখোমুখি লড়াই দেখবে বিশ্ব।
৩২ বছর পর বিশ্বকাপের কোনো আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে এখনই রোমাঞ্চিত দর্শকেরা!
আগামী মঙ্গলবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে মুখোমুখি হবে প্রথম দুই কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয়ী দল।
আগামী শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনাল হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যে। বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই দিন রাত ১টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলবে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা।
ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই যদি জিতে যায়, তাহলে সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে। ১৯৯০ সালের বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। শেষ ষোলোর সেই ম্যাচে ক্লদিও ক্যানিজিয়ার একমাত্র গোলে জিতেছিল আর্জেন্টিনা। এরপর আর বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই হয়নি।
সব মিলিয়ে বিশ্বকাপে এই দুই দলের চারবারের মুখোমুখি দেখায় ব্রাজিলের জয় দুটি। আর্জেন্টিনার একটি। অন্য ম্যাচটি ড্র হয়।
