রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ মোকাবিলায় ইউক্রেনকে ২৭ কোটি ৫০ লাখ ডলারের অতিরিক্ত সামরিক সাহায্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আছে বিপুল পরিমাণ গোলাবারুদ এবং ড্রোন খুঁজে বের করা ও তা ধ্বংসের জন্য উচ্চপ্রযুক্তি ব্যবস্থা। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। হাতে পাওয়া নথি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে রয়টার্স বলছে, হাই-মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স) লঞ্চারের জন্য লকহিড মার্টিনের তৈরি রকেট, ১৫৫ এমএম গোলা, হামভি সামরিক যান এবং জেনারেটর পাঠানো হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সই না করা পর্যন্ত এ প্যাকেজের আকার ও উপকরণ পরিবর্তন হতে পারে। যদিও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এ সাহায্য নিয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। রয়টার্স জানাচ্ছে, প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথোরিটির (পিডিএ) আওতায় এ সাহায্য পাঠানো হবে। পিডিএর অধীনে জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে কংগ্রেসের অনুমোদন ছাড়াই দ্রুত সামরিক সহায়তা পাঠানো যায়।
×
