বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারে চট্টগ্রামে দলীয় নেতাকর্মীদের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। হয়নি কোনো প্রতিবাদ। নগর বিএনপি কার্যালয় ছিল দিনভর নিস্তব্ধ। নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, মূলত কেন্দ্র থেকে কোনো কর্মসূচি না থাকা ও মহানগরের শীর্ষ নেতারা ঢাকায় থাকায় চট্টগ্রামে কোনো প্রতিবাদ হয়নি।
মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর দেশ রূপান্তরকে বলেন, মহাসচিবকে গ্রেপ্তারের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে কেন্দ্র থেকে কোনো কর্মসূচি দেওয়া হয়নি। তাছাড়া নগর নেতাদের বেশিরভাগই বৃহস্পতিবার রাতে ঢাকা এসেছেন। যে কারণে শুক্রবার কোনো কর্মসূচি ছিল না। তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের প্রতি সরকার যে আচরণ করছে তার প্রতিবাদে শিগগিরই বড় ধরনের কর্মসূচি আসবে। চট্টগ্রামেও সেই কর্মসূচি পালিত হবে।
গতকাল বিকেল ৩টায় নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে গিয়ে দেখা যায়, কার্যালয়ের বাইরে তালা ঝুলছে। নেতাকর্মীরা কেউ নেই। কার্যালয়ের সামনে নুর আহমদ সড়কে কিছু পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা যায়। তবে দলীয় মহাসচিব গ্রেপ্তারের পরও কোনো প্রতিক্রিয়া না থাকাটাকে ভালোভাবে নিচ্ছেন না দলীয় কর্মীরা। এটা অনেকটা অসহায়ত্বের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেছেন নেতাকর্মীদের অনেকে। তাদের মতে, বিএনপিকে দমনে যে সরকার পুরোপুরি হার্ডলাইনে রয়েছে মহাসচিবসহ দলের সিনিয়র নেতাদের গ্রেপ্তারে সেটা স্পষ্ট হয়েছে।
